দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড তারকা শাহরুখ খানের সহ-মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করে নতুন ইতিহাস গড়েছে। নিজস্ব দেশের বাইরে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনাকারী প্রথম বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি হিসেবে নাম লিখিয়েছে তারা।
নতুন এই স্টেডিয়ামে প্রথমবারের মতো মেজর লিগ ক্রিকেটের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের প্রতিপক্ষ ছিল ওয়াশিংটন ফ্রিডম। এই আয়োজনকে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
শুধু খেলার মাঠ নয়, লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের স্থায়ী কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যেই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে নাইট রাইডার্স গ্রুপ। আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত এই ভেন্যুতে রয়েছে মূল স্কয়ারে আটটি উইকেট, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মানদণ্ড অনুযায়ী মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উচ্চতার ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। স্টেডিয়াম নির্মাণে ৩২ হাজার মেট্রিক টনেরও বেশি মাটি স্থানান্তর করা হয়েছে।
এক বিবৃতিতে শাহরুখ খান বলেন, ‘যা একসময় স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দর্শকপ্রিয় খেলাকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে আমরা শুধু একটি ক্রিকেট ভেন্যু নির্মাণ করিনি, বরং এমন একটি জায়গা গড়ে তুলেছি যেখানে মানুষ একত্র হবে, আনন্দ ভাগাভাগি করবে এবং স্মরণীয় মুহূর্ত তৈরি হবে।’
তিনি আরও বলেন, ‘এটি শুধু খেলাধুলার জন্য নয়, বিনোদন, পরিবার এবং আজীবন মনে রাখার মতো স্মৃতি তৈরির স্থানও। আমরা আশা করি, এটি লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের স্থায়ী ঠিকানা হয়ে উঠবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করবে।’
নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর বলেন, ‘এই স্টেডিয়াম শুধু একটি অবকাঠামো নয়, ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমাদের অঙ্গীকারের প্রতীক। বিশ্বমানের অবকাঠামো ছাড়া ক্রিকেটের বিস্তার সম্ভব নয়। আমরা এমন একটি ভেন্যু গড়তে চেয়েছি, যেখানে খেলোয়াড়রা খেলতে ভালোবাসবেন, সমর্থকেরা আসতে উপভোগ করবেন এবং স্থানীয় মানুষ এটিকে নিজেদের ক্রিকেটের ঘর বলে মনে করবেন।’
উদ্বোধনী ম্যাচে আনুষ্ঠানিক প্রথম বল করেন যুক্তরাষ্ট্রের পেশাদার বাস্কেটবলের সাবেক তারকা মেটা ওয়ার্ল্ড পিস। তার অংশগ্রহণ যুক্তরাষ্ট্রে ক্রিকেট ও মূলধারার অন্যান্য খেলাধুলার মধ্যে ক্রমবর্ধমান সংযোগের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
১ থেকে ৫ জুলাই পর্যন্ত এই স্টেডিয়ামে মেজর লিগ ক্রিকেটের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে।
বর্তমানে নাইট রাইডার্স গ্রুপের অধীনে তিন মহাদেশে চারটি পেশাদার ক্রিকেট দল রয়েছে। এগুলো হলো কলকাতা নাইট রাইডার্স, ত্রিনবাগো নাইট রাইডার্স, আবুধাবি নাইট রাইডার্স এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। সব মিলিয়ে দলগুলো এখন পর্যন্ত নয়টি বড় শিরোপা জিতেছে।
এ ছাড়া নাইট রাইডার্স একাডেমির মাধ্যমে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের উদীয়মান ক্রিকেটারদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের কার্যক্রমও পরিচালনা করছে।
সূত্র: গালফ নিউজ
/অ